
১০ ট্রাক অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র-পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ। যুক্তিতর্ক শেষ না হওয়ায় বিচারক এস এম মজিবুর রহমান আজ মঙ্গলবার পর্যন্ত আদালত মুলতবি করেন। এ ছাড়া গতকাল মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিনের আবেদন জানানো হলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে সময়ের আবেদন করে। আদালত শুনানির জন্য আজ দিন ধার্য করেন।
পিপি কামাল উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে যুক্তি-প্রমাণ তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য চীন থেকে আনা এই অস্ত্রের চালানটি খালাস হয়েছে সিইউএফএলের জেটিঘাটে। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে অস্ত্র উদ্ধার হয়। দুই দিন পর এ ঘটনায় দুটি মামলা হয়। পরে দুই মামলায় ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
যুক্তিতর্ক উপস্থাপনকালে লুৎফুজ্জামান বাবর, জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীসহ কারাগারে থাকা ১১ আসামিকে আদালতে হাজির করা হয়।