দীর্ঘ ২৩ বছর ধরে চলা চট্টগ্রামের সন্দ্বীপের গাড়োয়ান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ মামলার শুনানি হয়। পরে আদালত আগামী রোববার শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
গত ২০ আগস্ট প্রথম আলোয় ‘২৩ বছর ধরে মামলা, বাদী শয্যাশায়ী, মারা গেছেন তিন আসামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। মামলাটি দীর্ঘ সময়েও নিষ্পত্তি না হওয়ায় গত ৮ আগস্ট বিচারকের কাছে কারণ ব্যাখ্যা চান হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেন।
১৯৯৩ সালের ৬ আগস্ট সন্দ্বীপের কচুয়াখালী এলাকায় আক্কাস উদ্দিন নামের এক যুবককে টাকা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। আক্কাস গরুর গাড়ি চালাতেন। মামলার ২৫ সাক্ষীর মধ্যে তদন্ত কর্মকর্তাসহ ১১ জনের সাক্ষ্য শেষে গত মঙ্গলবার আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেন।
সরকারি কৌঁসুলি অজয় বোস বলেন, আসামি মোমিনুল হক ও মো. ফয়েজকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে।