রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষে শুরু হয়েছে। গতকাল আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে আদালতকে বলেন, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন মারা যায় এবং অনেকে আহত হয়। আহতদের সাতজনসহ রাষ্ট্রপক্ষ ৬১ জন সাক্ষী উপস্থাপন করেছে। রাষ্ট্রপক্ষ আরও বলে, এই মামলার আসামি মুফতি আবদুল হান্নান, মাওলানা আকবর ও আরিফ হাসান ঘটনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ এবং তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। তাই রাষ্ট্রপক্ষ মনে করে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে তারা সক্ষম হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে আসামিপক্ষ যুক্তিতর্ক শুরু করে। গতকাল তা শেষ না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল কারাগারে আটক আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান, মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, আরিফ হাসান ও শাহাদাত হোসেনকে আদালতে হাজির করা হয়। এই মামলায় জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইনের জামিন বাতিল করা হয়েছে।