রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে। গতকাল সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন সরকারি কৌঁসুলি। পরে আদালত আগামী ১ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
মহানগর আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার এজাহার, মৃত্যুর আগে হাসপাতালে রেকর্ড করা হিমাদ্রীর বক্তব্য, সাক্ষীদের বক্তব্যে উঠে আসা পুরো ঘটনার বিবরণ উপস্থাপন করা হয়। আগামী ধার্য দিনে আদালত আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রেখেছেন।
অনুপম চক্রবর্তী আরও বলেন, ‘যুক্তিতর্ক উপস্থাপনকালে আদালতকে জানানো হয়, এটি একটি সাধারণ হত্যাকাণ্ড নয়। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। তাই রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে যেসব যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, তাতে আদালত অভিযুক্ত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারেন।’
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে সে ঢাকার একটি হাসপাতালে মারা যায়। এ ঘটনায় হিমাদ্রীর মামা অসিত কুমার পাঁচলাইশ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গতকাল শুনানিকালে পাঁচ আসামির মধ্যে জামিনে থাকা দুই আসামি শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জাহিদুর রহমান, জোনায়েদ আহমেদ ও মাহবুব আলী জামিনে গিয়ে পলাতক রয়েছেন।