রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু, ২২ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগের চার সমর্থককে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। আদালত ২২ ফেব্রুয়ারি যুক্তিতর্কের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহম্মেদ। বাদীপক্ষে ছিলেন আব্দুর রশিদ ভূঁইয়া। আসামিপক্ষের আইনজীবী ছিলেন রইস উদ্দিন ও খোরশেদ আলম মোল্লা।

জাসমিন আহম্মেদ বলেন, বিকেলে আদালতে রাষ্ট্রপক্ষ থেকে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আদালত ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০২ সালের ১২ মার্চ সকালে আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার বাড়ি থেকে আওয়ামী লীগের সমর্থক বারেক, বাদল, ওমর ফারুক ও কবীরকে ডেকে লক্ষ্মীবরদী গ্রামে নিয়ে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বারেকের বাবা আজগর আলী তৎকালীন আড়াইহাজার থানা বিএনপির সহসভাপতি আবু বাশারকে প্রধান করে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালে ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।