দশ ট্রাক অস্ত্র মামলার বিচারকাজ শেষ পর্যায়ে। আর এক ধাপ পেরোলেই চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হবে। গতকাল রোববার আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ সোমবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত।
চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান গতকাল এই দিন ধার্য করেন। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার দিন ধার্য করতে পারেন বলে আইনজীবীরা জানিয়েছেন।।
অবশ্য গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি ছাড়াই রায় ঘোষণার দিন ধার্য করতে আদালতের প্রতি আবেদন জানিয়েছিলেন। আদালত সূত্রে জানা গেছে, গতকাল শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহামঞ্চদ বলেন, আইনে যুক্তিতর্কের কোনো বিধান নেই। দুই বছর তিন মাস ধরে মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়েছে দিনের পর দিন। যা লেখা হয়েছে ২৩৪ পৃষ্ঠাজুড়ে। এ ছাড়া ৩৯ কার্যদিবস হরতালের কারণে শুনানি হয়নি। আন্তর্জাতিকভাবে আলোচিত এ মামলার রায় ঘোষণা দেরি হয়ে গেছে।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার নজির উল্লেখ করে যুক্তিতর্ক শুনানির দাবি জানান। তাঁরা আদালতকে বলেন, যুক্তিতর্ক না করলে আসামিপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। সংক্ষিপ্ত আকারে হলেও তাঁরা তা উপস্থাপন করবেন।
পরে বিচারক আসামিপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ সোমবার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে দশ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। ঘটনার পর কর্ণফুলী থানার ওসি মামলা করতে গেলে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তৎকালীন পুলিশ কমিশনার সাব্বির আলী বাধা দেন। পরে ওসি অস্ত্র আটক ও অস্ত্র চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করেন। তিনি বলেন, চীন থেকে এসব অস্ত্র আনা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য। অস্ত্রের চালানটি খালাস হয়েছে সংরক্ষিত এলাকা চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিতে। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ইচ্ছায় গোয়েন্দা সংস্থার সাহায্যে অস্ত্রগুলো দেশের জলসীমা ব্যবহার করে আনা হয়, যা সাক্ষীদের ১৬৪ ধারায় জবানবন্দি ও সাক্ষ্যে উঠে এসেছে।
কামাল উদ্দিন আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এর আগে কারাগারে থাকা ১১ জন আসামিকে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, ২০০৪ সালে অস্ত্র উদ্ধারের দুই মাস পর জুন মাসে এ-সংক্রান্ত দুটি মামলার অভিযোগপত্র দেয় সিআইডি। দুই মামলায়ই স্থানীয় চোরাচালানি হাফিজুর রহমানকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বাকিদের প্রায় সবাই স্থানীয় পরিবহনমালিক ও শ্রমিক।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা দুটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর ২০১১ সালের ২৬ জুন সিআইডি উভয় মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় আদালতে। তাতে নতুন করে ১১ জনকে আসামি করা হয়।
কারাবন্দী আসামিরা: সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমদ, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান এবং সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক কারাগারে আছেন। শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব নুরুল আমিন ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া এখনো পলাতক।
এ ছাড়া প্রথম অভিযোগপত্রভুক্ত প্রধান দুই আসামি স্থানীয় চোরাচালানি হাফিজুর রহমান ও দীন মোহামঞ্চদ কারাগারে আছেন। বাকিরা জামিনে আছেন।