রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন 'লজ্জাজনক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে আরও দুই সপ্তাহ সময় পেয়েছে সরকার। গতকাল রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশের জন্য চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সময় দেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চেয়ে আবেদন করলে বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। তিনি বলেন, ‘দুই সপ্তাহের আবেদন এবার চার সপ্তাহ হয়ে গেল। প্রথমে এক সপ্তাহ, পরে দুই সপ্তাহ, এবার চার সপ্তাহ। ভবিষ্যতে আট সপ্তাহ চাইবেন। সময়ের আবেদনের বিষয়টি সবাই জানে। প্রধান বিচারপতি অবসরে যাবেন জানুয়ারিতে, বিচারপতি নাজমুন আরা সুলতানা যাবেন তার আগে। পরে কোনো এক সময় আমি যাব, তখন আপনারা গেজেট প্রকাশ করে আনবেন। যেসব বিচারপতি তখন থাকবেন, তাঁরা দেখবেন, আই ফিল রিয়েলি ভেরি অ্যাশেমড।’
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, আইনমন্ত্রী দেশে নেই। প্রধান বিচারপতি বলেন, বিষয়টি তিনি জানেন। তাই দুই সপ্তাহ সময় দেওয়া হলো। আশা করি, এই সময়ের মধ্যে গেজেট হয়ে যাবে।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। ওই বিধিমালা সংশোধন করে দেন আপিল বিভাগ। এই খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই বিধিমালা গেজেট আকারে জারি করে তা দাখিল করতে গত বছরের ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এরপর রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময় নেয়।