যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ
রাষ্ট্রপক্ষের সাক্ষী বুলবুলের সাক্ষ্যে গোলাম আযম সম্পর্কে কিছু নেই
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ বলেছে, সিরু মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে গোলাম আযমের সংশ্লিষ্টতা ছিল, এমন কথা রাষ্ট্রপক্ষের সাক্ষী আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেননি। এ জন্য তাঁর সাক্ষ্যের ভিত্তিতে কোনো দণ্ড দেওয়া সুবিচার হবে না।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।আসামিপক্ষের আইনজীবী গোলাম আযমের বিরুদ্ধে গঠিত পঞ্চম অভিযোগের (হত্যা ও নির্যাতনের অভিযোগ) বিষয়ে গতকাল যুক্তি দেন। তিনি এই অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যের বিবরণ পড়ে শোনান।রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সাক্ষ্যের বিবরণ উল্লেখ করে মিজানুল ইসলাম বলেন, সাক্ষ্য অনুসারে তিনি (আহমেদ ইমতিয়াজ) একাত্তরের ২৯ অক্টোবর সহযোদ্ধাদের সঙ্গে ভারতে যাওয়ার সময় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি তন্তর চেকপোস্টের কাছে পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে ধরা পড়েন। পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি ৫৫ জন বন্দীর মধ্যে সিরু মিয়া দারোগা ও তাঁর ছেলে আনোয়ার কামালকে দেখেন। ঈদের দিন রাতে ৪০ জন বন্দীকে বাছাই করে কারাগার থেকে নিয়ে যাওয়া হয়, তাঁদের মধ্যে সিরু মিয়া ও আনোয়ার কামাল ছিলেন। পরে তিনি জানতে পারেন, ওই বন্দীদের হত্যা করা হয়েছে। দুই দিন পর তিনি পালিয়ে গেলেও আবার ধরা পড়েন, ১৭ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান। এই জবানবন্দিতে গোলাম আযম সম্পর্কে কিছু নেই।যুক্তিতে মিজানুল ইসলাম আরও বলেন, গোলাম আযমের যে চিঠির ভিত্তিতে সিরু মিয়া ও তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষ অভিযোগ এনেছে, সে চিঠি বা চিঠির অনুলিপি রাষ্ট্রপক্ষ দাখিল করেনি। এ জন্য গোলাম আযমের বিরুদ্ধে এই অভিযোগ গ্রহণযোগ্য হতে পারে না।বিকেলে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১৮ মার্চ (সোমবার) পর্যন্ত মুলতবি করা হয়।এদিকে, গোলাম আযমের বিরুদ্ধে ‘ঊর্ধ্বতন নেতৃত্বের দায়’ নিয়ে যুক্তি উপস্থাপনের জন্য ১৮ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সেদিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ও আসামিপক্ষের আইনজীবী ইমরান এ সিদ্দিক এ বিষয়ে যুক্তি দেবেন। তাঁরা প্রত্যেকে এক ঘণ্টা করে সময় পাবেন।