জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালালকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা চলছে। জেরার সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।আসামিপক্ষের আইনজীবী বলেন, একাত্তরের ২৭ মার্চ চারপাশের পরিস্থিতির কারণে অভিভাবক আপনাকে বাসা থেকে বের হতে দেননি। সে জন্য বাইরের অবস্থা আপনার দেখার সুযোগ হয়নি। এতে সাক্ষী বলেন, এটা ঠিক নয়। কুমিল্লা থেকে আপনাদের বাসায় পুলিশের কনস্টেবল এসেছিলেন কখন—এই প্রশ্নে তিনি বলেন, তিনি কখন এসেছিলেন তা বলতে পারবেন না, সম্ভবত দুপুর ১২টার আগে এসেছিলেন। একাত্তরে বাংলাদেশের পতাকা কেমন ছিল—এই প্রশ্নে ট্রাইব্যুনাল বলেন, ‘একাত্তরে বাংলাদেশের পতাকা কেমন ছিল তা আপনি, আমি সবাই জানি, এমনকি ডকে থাকা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদও জানেন। আপনি অন্য প্রশ্ন করেন।’পুরান ঢাকায় চাচার বাসায় যাওয়ার সময় আপনি কি সঙ্গে পাটের রশি নিতেন—আইনজীবীর এই প্রশ্নে জহিরুদ্দিন জালাল ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করা হয়।