রাষ্ট্রপক্ষের সাক্ষীর পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের পরিবারের সদস্যরা তাঁদের নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে ‘বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল আলম জুনু স্মৃতি পরিষদ’ নামের একটি সংগঠন নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাসানুজ্জামান। এ সময় সৈয়দ ওয়াহিদুল আলমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত বছরের ২২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছিলেন সৈয়দ ওয়াহিদুল আলম।
লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযোদ্ধা ও সংগীতসাধক সৈয়দ ওয়াহিদুল আলমের পরিবারের অসহায় সদস্যরা ভূমিদস্যু ও সন্ত্রাসীদের প্রতিনিয়ত হুমকির মধ্যে দিন যাপন করছেন। তাঁরা যেকোনো সময় খুনের শিকার হতে পারে। তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে ভয় পাচ্ছেন। ভূমিদস্যু চক্র সৈয়দ ওয়াহিদুল আলমের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি দখল করে তাঁর পরিবারকে উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে।
লিখিত বক্তব্যে অভিযোগ করে মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও এর পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই অসহায় ও নির্যাতিত পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও স্থানীয় জেলা প্রশাসনকে উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ আবেদন জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দ ওয়াহিদুল আলমের স্ত্রী রহিমা বেগম, মেয়ে সৈয়দা তানিয়া আলম, ভাতিজা সৈয়দ জাহিদুল আলম প্রমুখ।