রাষ্ট্রপক্ষের সাক্ষীর বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে গতকাল হরতাল-সমর্থকেরা সাক্ষী মাহবুবুল আলমের বাড়িতে তাণ্ডব চালান ষ ছবি: প্রথম আলো
পিরোজপুরে গতকাল হরতাল-সমর্থকেরা সাক্ষী মাহবুবুল আলমের বাড়িতে তাণ্ডব চালান ষ ছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদারের পিরোজপুরের গ্রামের বাড়িতে গতকাল সোমবার হামলা ও ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে জেলার জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে। মাহবুবুল আলম জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে স্থানীয় থানায় করা মামলার বাদী। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মাহবুবুল আলম জানান, সকাল ১০টার দিকে তিনি বাড়িতে বসে খবর দেখছিলেন। সামনের রাস্তায় শোরগোল শুনে দেখেন, দু-আড়াই শ লোক তাঁর বাড়ির দিকে আসছে। তিনি স্ত্রীকে দরজা-জানালা আটকাতে বলেন। ওই লোকেরা বাড়ির সামনে জড়ো হয়ে তাঁকে উদ্দেশ করে গালিগালাজ করে এবং বলতে থাকে আজকে মাহবুবকে জবাই করতে হবে। তারা দরজা-জানালা ধাক্কাতে থাকে। একপর্যায়ে ঘরের সামনের বাঁ পাশের জানালা ভেঙে বেশ কয়েকজন ঘরে ঢোকে। টের পেয়ে তিনি মাচায় আশ্রয় নেন। এর পর হরতাল-সমর্থকেরা ঘরের টেলিভিশন, আসবাবের ব্যাপক ক্ষতি করেন। যাওয়ার সময় তাঁরা বাড়ির টিউবওয়েল ও শৌচাগার ভেঙে ফেলেন।
মাহবুবুলের বাড়িতে হরতাল-সমর্থকদের ভাঙচুরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বলেন, বিএনপি বা ১৮-দলীয় জোটের কোনো নেতা-কর্মী এই ভাঙচুরের সঙ্গে জড়িত নন। জিয়ানগরের ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মল্লিক জানান, পুলিশের বরিশাল বিভাগের ডিআইজি আবদুর রহিম, পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী ও পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এস এম আক্তারুজ্জামান বলেন, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাহবুবুল আলমের বাড়িতে পুলিশ পাঠিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যা ও লুটপাটের অভিযোগ এনে মাহবুবুল ২০০৯ সালের ৩১ আগস্ট পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ইন্দুরকানি থানায় মামলা করেন। তিনি ২০১০ সালের ২০ জুলাই মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার কাছে অভিযোগ দাখিল করেন।
আ.লীগ কার্যালয়ে ভাঙচুর: সকালে নাজিরপুর উপজেলার খেজুরতলা, বাবুর হাট, রঘুনাথপুরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও কয়েকজন নেতা-কর্মীকে মারধর করেন হরতাল-সমর্থকেরা। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কর্মীরা শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। সকালে হরতাল-সমর্থকেরা পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলা ও ভৈরমপুরে সেতুর ফিশপ্লেট তুলে ফেললে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পিরোজপুর শহরতলির ভাইজোড়ায় আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর হয়। বেলা ১১টার দিকে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়। সন্ধ্যায় পিরোজপুরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।