রাষ্ট্রপক্ষের সাক্ষীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের এক আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না, তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আগামী ৫ জুনের মধ্যে জালালকে ট্রাইব্যুনালে হাজির হয়ে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল আসামিপক্ষের আবেদন এবং পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানতে পেরেছেন, সাক্ষী জহির উদ্দিন জালাল গত রোববার বিকেলে সেগুনবাগিচায় মুজাহিদের আইনজীবী মুন্সি আহসান কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন ও হুমকি দিয়েছেন। ট্রাইব্যুনাল মনে করেন, বিচারাধীন মামলার আইনজীবীর সঙ্গে এ ধরনের আচরণ আদালত অবমাননার শামিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পেশাগত দায়িত্ব পালনে বাধা দিতে আইনজীবীকে এভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। এ জন্য জহির উদ্দিন জালালকে ট্রাইব্যুনালে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে, কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না।