জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন অব্যাহত রেখেছে আসামিপক্ষ। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে নবম দিনের মতো শুনানি হয়।
গতকাল শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষের অষ্টম ও নবম সাক্ষীর জবানবন্দি ও জেরার অংশবিশেষ উপস্থাপন শেষ করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মোস্তফা হাওলাদার এবং নবম সাক্ষী হলেন আলতাফ হোসেন হাওলাদার।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। আজ সোমবার শুনানির দিন ধার্য রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসা বালীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।