রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র জুবায়ের আহম্মেদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। আগামী ৭ ডিসেম্বর আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এই দিন ধার্য করেন। গতকাল এ মামলার তদন্তকারী কর্মকর্তা বর্তমানে ডিবি পুলিশের পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। তাঁকে আসামিপক্ষের জেরা শেষে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করার আবেদন জানায়। আদালত তা মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করেন। জামিনে থাকা সাত আসামি আদালতে হাজির ছিলেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা ৩৭ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ২৭ জনকে উপস্থাপন করে।
এই মামলার ১৩ জন আসামির সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী। তাঁরা হলেন প্রাণিবিদ্যা বিভাগের খন্দকার আশিকুল ইসলাম ও খান মো. রইস; দর্শন বিভাগের নাজমুল হুসেইন, শফিউল আলম, অভিনন্দন কুণ্ডু, মাহমুদুল হাসান, রাশেদুল ইসলাম, ইশতিয়াক মেহবুব; সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, জাহিদ হাসান, নাজমুস সাকিব, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান। তাঁদের মধ্যে আশিকুল, রইস, ইশতিয়াক ও আকরাম গত ২৩ ফেব্রুয়ারি আদালত থেকে পালিয়ে যান। এই চারজনসহ ছয় আসামি পলাতক আছেন।
২০১২ সালের ৮ জানুয়ারি জুবায়েরকে কুপিয়ে জখম করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। পরদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।