
পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ গতকাল বৃহস্পতিবার সমাপ্ত ঘোষণা করেছেন আদালত। আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এ তারিখ ধার্য করেন। এ মামলার আসামিরা হলেন নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান, তাঁর বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন নিহত স্বপ্না রহমানের বান্ধবী নূর জাহান মেরী। সাক্ষ্যে তিনি বলেন, ঐশীর জন্মগ্রহণের সময় তিনি স্বপ্নার পাশে ছিলেন। তিনি ঐশীর জন্ম সনদ শনাক্ত করেন।
নূর জাহান মেরীর সাক্ষ্যের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহুবুবর রহমান সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন।
সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় এ মামলায় কারাগারে আটক ঐশী রহমান ও আসাদুজ্জামানকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি মিজানুর রহমান আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষে ৩৯ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান পল্টন থানায় এ মামলা করেন। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২৪ আগস্ট আদালতে জবানবন্দি দেন ঐশী। তদন্ত শেষে গত বছরের ৯ মার্চ ঐশীসহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং শিশু গৃহকর্মীর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।