জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ গতকাল রোববার শেষ হয়েছে। তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য শুরুর জন্য ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল-২ এই দিন ধার্য করেন। গতকাল ছিল এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ (১৮তম) সাক্ষী ও তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে আসামিপক্ষের জেরা শেষ করার ধার্য দিন। কিন্তু আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। আসামিপক্ষের সহকারী আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী ট্রাইব্যুনালে বলেন, হরতালের কারণে কফিল উদ্দিন উপস্থিত হতে পারেননি। তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য তিনি সময়ের আরজি জানান।এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘তিনি (কফিল উদ্দিন চৌধুরী) ছাড়া সবাই ট্রাইব্যুনালে উপস্থিত হতে পেরেছেন। তিনি কেন পারলেন না? আমরা আগেই সতর্ক করে বলেছিলাম, হরতালের কারণে ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকবে না।’ পরে ট্রাইব্যুনাল বলেন, অভিযুক্ত পক্ষের বিজ্ঞ কৌঁসুলি তাঁর পরবর্তী জেরা করার জন্য ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় জেরা সমাপ্ত করা হলো। পরে ট্রাইব্যুনাল সাফাই সাক্ষী শুরুর দিন ধার্য করেন।তদন্ত কর্মকর্তাকে এর আগে আসামিপক্ষ পাঁচ দিন জেরা করেছে। তাঁকে জেরা শেষ করতে গতকাল সময় বেঁধে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ এক হাজার ৩৫৪ জন সাফাই সাক্ষীর তালিকা দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চারজন সাক্ষ্য দিতে পারবেন বলে নির্দিষ্ট করে দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনাল বলেছেন, আসামিপক্ষের সাক্ষীর সাক্ষ্য নেওয়ার সময় কোনো মুলতবি দেওয়া হবে না।