রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজিৎ দাস হত্যা মামলা
বিশ্বজিৎ দাস হত্যা মামলা

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. নূরুজ্জামান তদন্ত কর্মকর্তার সাক্ষ্য-জেরা শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
একই সঙ্গে ট্রাইব্যুনাল ২৮ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন।
গতকাল তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম আদালতে বিশ্বজিৎকে মারধরের ২৩টি স্থিরচিত্র আদালতে দাখিল করেন। তাতে ১৬ আসামিকে শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এই মামলায় ৩০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ২৮ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে। তা শেষ হওয়ার পর যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করবেন আদালত।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যা করেন।
এ মামলায় ৫ মার্চ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে আটজন কারাগারে এবং বাকিরা পলাতক।