মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র: নিজামীর বিরুদ্ধে মামলা
রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ পর্যায়ে
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানের সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ দিন ধার্য করেন। গতকাল এ মামলায় সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া ও ২৫তম সাক্ষী জাতীয় জাদুঘরের সংবাদপত্র বিভাগের স্বপন কুমার বিশ্বাস। তাঁরা দুজনই জব্দ তালিকার সাক্ষী। নিজামী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
এজাবউদ্দিন জবানবন্দিকালে একাত্তরের বিভিন্ন পত্রিকার ৩৩টি সংবাদের কাটিং ট্রাইব্যুনালে প্রদর্শনী হিসেবে দাখিল করেন। পরে জব্দ তালিকার এ দুই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।
গতকাল সকালে এজাবউদ্দিন জবানবন্দি শুরু করেন। তাঁর জবানবন্দি অসমাপ্ত অবস্থায় মধ্যাহ্নবিরতি হয়। বিরতির পর বেলা সোয়া দুইটার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা হাজির থাকলেও এজাবউদ্দিন অনুপস্থিত ছিলেন। এতে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। প্রায় ১৫ মিনিট কার্যক্রমবিহীন অবস্থায় বসে থাকেন ট্রাইব্যুনাল। বেলা আড়াইটার দিকে এজাবউদ্দিন এজলাসে উপস্থিত হলে ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে বলেন, রাষ্ট্রপক্ষের এই সাক্ষীর সাক্ষ্য আর নেওয়া হবে না। তাঁকে এখন হেফাজতে পাঠানো হবে। এক দিন পর তাঁর সাক্ষ্য নেওয়া হবে। পরে সাক্ষী ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ক্ষমা চাইলে সাক্ষ্য গ্রহণ আবার শুরু হয়।
আজহারুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন। ৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ এ মামলায় অভিযোগ গঠনের আরজি জানিয়ে শুনানি শেষ করে।
মোবারকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৯ সেপ্টেম্বর: একই ট্রাইব্যুনাল গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ সেপ্টেম্বর (রোববার) দিন পুনর্নির্ধারণ করেন। এই মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।