জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা
রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ, ১৪ জানুয়ারি আসামিপক্ষকে জেরা
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতির মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ মামলার তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ সাক্ষ্য দেন। বিচারক আবু আহমেদ জমাদার আগামী ১৪ জানুয়ারি আসামিপক্ষকে জেরার দিন ধার্য করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ হয়েছে। আসামিপক্ষের জেরা শেষ হলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করবেন আদালত।
হারুন-অর-রশিদ তাঁর সাক্ষ্যে বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অন্য আসামিদের সহযোগিতায় ট্রাস্ট থেকে টাকা নিয়ে খরচ করেছেন। খালেদা জিয়া ও অন্য আসামিরা পরস্পরের যোগসাজশে জমির অতিরিক্ত মূল্য দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করেন।
এ সময় হারুন-অর-রশিদ তদন্তের সময় জব্দ করা মামলার আলামত উপস্থাপন করেন এবং তা আদালতে দাখিল করেন। রাষ্ট্রপক্ষ এ মামলায় রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষী উপস্থাপন করে। এর মধ্যে সাক্ষ্য দেওয়ার পর ৩২ জনের জেরাও শেষ হয়েছে। এখন কেবল তদন্ত কর্মকর্তার জেরা বাকি।
এদিকে আজও আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া অসুস্থ বলে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া আজও সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।