রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য সাক্ষ্য শুরু ১৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ গতকাল বৃহস্পতিবার সূচনা বক্তব্য দিয়েছে। পরে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়। প্রথমে সাক্ষ্য দেবেন রাষ্ট্রপক্ষের সাক্ষীরা।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। গতকাল এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও এ কে এম সাইফুল ইসলাম। তখন আজহারুল ইসলাম আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
সূচনা বক্তব্যে রাষ্ট্রপক্ষ বলে, একাত্তরে রংপুর কারমাইকেল কলেজের ছাত্র আজহারুল ইসলাম জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের (বর্তমানে ইসলামী ছাত্রশিবির) রংপুর শাখার সভাপতি ছিলেন। তিনি একাত্তরে আলবদর বাহিনীর রংপুর অঞ্চলের কমান্ডার ছিলেন। স্বাধীনতার পর তিনি জামায়াতের রাজনীতিতে যোগ দেন। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত আজহারুল ঢাকা মহানগর জামায়াতের আমির ছিলেন।
সূচনা বক্তব্যে রাষ্ট্রপক্ষ আজহারুলের বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ উল্লেখ করে বলে, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণ করবে। সূচনা বক্তব্য শেষে রাষ্ট্রপক্ষ ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আবেদন জানায়। ট্রাইব্যুনাল এই আবেদন শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।
আজহারুলকে গত বছরের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ২৫ জুলাই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১১ নভেম্বর তাঁর বিরুদ্ধে গণহত্যার দুটিসহ ছয়টি অভিযোগ গঠন করেন। এর মধ্যে একাত্তরের ১৭ এপ্রিল রংপুরের ঝাড়ুয়ার বিলে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা এবং ৩০ এপ্রিল কারমাইকেল কলেজের চার শিক্ষক ও এক শিক্ষকের স্ত্রীকে অপহরণের পর হত্যার ঘটনায় আজহারুলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বাকি চারটি অভিযোগে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, নির্যাতন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।