রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুরু হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেন। মীর কাসেম আলী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।
গত ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-১ মীর কাসেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ গঠন করেন। এর মধ্যে আটকে রেখে নির্যাতনের ১২টি এবং হত্যা ও নির্যাতনের দুটি অভিযোগ রয়েছে।
লিয়াকত আলীকে জেরা শেষ: ট্রাইব্যুনাল-২-এ গতকাল জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন। লিয়াকত ৫ সেপ্টেম্বর জবানবন্দি দেন।
‘আপনি মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর নামে কোনো বই লিখেছেন?’ আসামিপক্ষের আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তিনি পাণ্ডুলিপি লিখেছেন। কিন্তু ঘূর্ণিঝড় সিডরের সময় তা হারিয়ে গেছে। আইনজীবী তাঁকে বই দেখিয়ে বলেন, এই সেই বই। এটি আপনি প্রকাশ করেছেন, অন্যদের পড়তে দিয়েছিলেন এবং বাজারে বিক্রিও করেছেন। সাক্ষী বলেন, এটা সত্য নয়।
আইনজীবী প্রশ্ন করেন, বাগেরহাটে মুক্তিযুদ্ধবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ইউসুফসহ ১৮ জনকে আসামি করে আপনি ২০০৯ সালে মামলা করেছিলেন? সাক্ষী বলেন, হ্যাঁ। আইনজীবী বলেন, ওই মামলায় যে অভিযোগ করেছেন, ওই ঘটনার সঙ্গে ইউসুফ জড়িত নন। সাক্ষী বলেন, এটা সত্য নয়।
আইনজীবী মত দেন, ইউসুফ রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন না, তিনি সভাও করেননি। সাক্ষী বলেন, এটা সত্য নয়। পরে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।