বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীর অসমাপ্ত জেরা গতকাল বৃহস্পতিবার শেষ করেছে আসামিপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক।
শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। দিলীপ গত ২৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন এবং জবানবন্দি শেষে তাঁকে জেরাও শুরু হয়। তবে সেদিন জেরা অসমাপ্ত ছিল। এরপর কয়েক দফায় দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় জেরা শেষ হয়নি। এ অবস্থায় একপর্যায়ে ট্রাইব্যুনাল দিলীপের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে জেরা শেষ করার অনুমতি দেন ট্রাইব্যুনাল।
একাত্তরে আলীম জয়পুরহাটের শান্তি কমিটির চেয়ারম্যান বা রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন—এ মর্মে কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারবেন? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, না, তবে তিনি এটি শুনেছেন। রাজাকাররা কী ধরনের পোশাক পরতেন বলতে পারবেন? এ প্রশ্নে তিনি বলেন, না।
পরে আইনজীবী মত (সাজেশন) দেন, আপনি আপনার জবানবন্দিতে বর্ণিত ঘটনার সময় বাংলাদেশে ছিলেন না এবং যে সাইদুরের কথা বলছেন তা রাষ্ট্রপক্ষের শেখানো মতে বলছেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।
আইনজীবী জেরার শেষ পর্যায়ে আবার মত দেন, একাত্তরে জয়পুরহাটে পাকিস্তানি সেনারা আসার পর আবদুল আলীম আত্মগোপন করে ছিলেন। জবাবে দিলীপ বলেন, এটা সত্য নয়।
দিলীপের জেরা শেষে এ মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ১৪ জুলাই: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী গতকাল ইউসুফকে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুলাই ট্রাইব্যুনাল-১ ইউসুফের বিরুদ্ধে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করার আদেশ দেন। গত বুধবার মামলাটি নথিসহ ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর হলে এই ট্রাইব্যুনাল তাঁকে হাজির করার ও পরবর্তী আদেশের জন্য গতকাল দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষ গত ৮ মে ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার সাতটিসহ ১৫টি অভিযোগ আনা হয়েছে। ১২ মে ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। ট্রাইব্যুনাল তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।