বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে গতকাল মঙ্গলবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোস্তাফিজুর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। ‘সাক্ষীর বড় ভাই নূর হোসেন চৌধুরী ১৯৭২ সালে দালাল আইনে গ্রেপ্তার হয়ে কি কারাগারে ছিলেন?’ এই প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান হ্যাঁ সূচক জবাব দেন। ‘একাত্তরের শেষ দিকে পাকিস্তানি সেনারা আপনাকে একবার গ্রেপ্তার করেছিলেন?’ এর জবাবে তিনি হ্যাঁ বলেন। ‘ওই সময় আপনাকে কোথায় আটক রাখা হয়?’ এর জবাবে তিনি বলেন, জয়পুরহাট চিনিকলে সেনাবাহিনীর ক্যাম্পে।‘একাত্তরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে আপনার এক আত্মীয় আব্বাস আলী খান আপনাকে সেখান থেকে ছাড়িয়ে আনেন, এটা কি ঠিক?’ আইনজীবীর এই প্রশ্নে সাক্ষী হ্যাঁ সূচক জবাব দেন। পরে আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তরে সাক্ষীর (মোস্তাফিজুর) বড় ভাই পাকিস্তানি সেনাদের দালাল হওয়ার কারণে মুক্তিযোদ্ধারা তাঁদের বাড়িতে আগুন দেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত দেন, সাক্ষী ১৯৭৭ সালে আলীমের বিরুদ্ধে লিফলেট বিতরণের সময় জনগণ তাঁকে লাঞ্ছিত করে। সে জন্য এবং রাজনৈতিক কারণে ও একটি কুচক্রী মহলের ইন্ধনে তিনি আলীমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।মোস্তাফিজুরকে জেরা শেষ হলে মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণে আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।