রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষীকে আসামিপক্ষের জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী নিজাম উদ্দিন আহমেদকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক সাক্ষীকে জেরা করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই জেরা হয়। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।নিজাম উদ্দিন গত সোমবার জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি ‘গুডস হিলে’ নির্যাতিত হওয়ার বর্ণনা দেন। জবানবন্দিতে তিনি বলেন, হাজারি লেনের অস্থায়ী ক্যাম্প থেকে তাঁদের চারজনকে ধরে পাকিস্তানি সেনারা ও কয়েকজন যুবক সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি ‘গুডস হিলে’ নিয়ে যায়। পরে জেনেছেন, ওই যুবকদের মধ্যে সাকা চৌধুরীও ছিলেন।জেরায় আহসানুল হক জানতে চান, গুডস হিলের পূর্ব দিকে কী? জবাবে সাক্ষী নিজাম উদ্দিন বলেন, আবদুস সাত্তার রোড। ফজলুল হক চৌধুরীর চার ছেলে, তা কি জানতেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, পরে জেনেছেন। সাকা চৌধুরী মন্ত্রী থাকাকালে আপনি কি সাংবাদিক হিসেবে কখনো গুডস হিলে গেছেন—জবাবে তিনি বলেন, যাননি। ওই ঘটনার (ধরে নিয়ে যাওয়া) আগে সাক্ষীর পরিবারের সঙ্গে কি সাকা চৌধুরীর পরিবারের কোনো বিরোধ ছিল—এ প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন বলেন, না। একাত্তরের আগে সাকা চৌধুরীকে দেখেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখেননি।গোলাম আযমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা ৩০ অক্টোবর: একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. মতিউর রহমানকে আসামিপক্ষের জেরার দিন ধার্য থাকলেও গতকাল জেরা হয়নি। তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৬তম ও শেষ সাক্ষী। পরে তদন্ত কর্মকর্তাকে আবার জেরার জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।কাদের মোল্লার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে। তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে গতকাল পঞ্চম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়।