বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী এ এইচ এম মুতাসিম বিল্লাহকে গতকাল বৃহস্পতিবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ মুতাসিম বিল্লাহকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। একাত্তরের ঘাতক দালালেরা কে কোথায় বইটি আপনি পড়েছেন—জেরায় আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তিনি বইটি পড়েছেন এবং ওই বইয়ে থাকা তাঁর তোলা ছবিটি দেখে চিনতে পেরেছেন। ওই ছবিতে থাকা কারও নাম মনে আছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একজনের নাম মনে আছে। তিনি হলেন মিনা মোখলেস।
অপর এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, একাত্তরে জয়পুরহাট শহরে আলীমের বাড়ির সামনে সরকার স্টুডিও ও স্টেশনে মিলন স্টুডিও ছিল। একপর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তরের আগে বা পরে আপনার কোনো স্টুডিও ছিল না, আপনি রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আলীমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে মুতাসিম বিল্লাহ বলেন, এটা সত্য নয়।
মুতাসিম বিল্লাহ গত বুধবার ট্রাইব্যুনালে জবানবন্দিতে বলেন, একাত্তরের জুন মাসে আলীম তাঁকে আটক ২৬ যুবকের ছবি তুলে দেওয়ার জন্য জয়পুরহাট রেলস্টেশনে নিয়ে যান। সেখানে তিনি ওই যুবকদের সঙ্গে আলীম ও পাকিস্তানি মেজর আফজালের ছবি তুলে দেন।