
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষী অজিত মোহন্তকে আসামিপক্ষের জেরা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অজিত মোহন্তকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। অজিত গত সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।
জয়পুরহাটে আলীমের বাড়ি আছে, আপনি চেনেন? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, হ্যাঁ, থানার কাছে। মাওলানা জসিম কী স্বাধীনতাবিরোধী ছিলেন? এ প্রশ্নে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী ছিলেন কি না, তা তিনি জানেন না। তবে সত্তরের সাধারণ নির্বাচনে তিনি আলীমের সমর্থক ছিলেন। আইনজীবী মত (সাজেশন) দেন, আলীমের কোনো চাতাল ছিল না। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।
আইনজীবী আবার মত দেন, একাত্তরে আলীম শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন না। আপনি দেশে ছিলেন না এবং আপনি একটি কুচক্রী মহলের ইন্ধনে নিজের চাকরি রক্ষার জন্য আলীমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
ব্যাখ্যা দিতে সময় চাইলেন জহির উদ্দিন: এই মামলা ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে রুলের ব্যাখ্যা দিতে একই ট্রাইব্যুনালে গতকাল সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালাল। তাঁর আইনজীবী মহসিন রশিদ ব্যাখ্যার জন্য সময়ের আরজি জানান। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে ৩০ জুন পর্যন্ত সময় দেন।