রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী সাংসদদের বেতন বাড়াতে সংসদে ছয়টি বিল
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিচারপতি, মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা বাড়াতে সংসদে ছয়টি বিল উপস্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সংসদকাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও আইনমন্ত্রী শফিক আহমেদ বিলগুলো উপস্থাপন করেন। বিরোধী দলের সদস্যরা উচ্চ আদালতের বিচারপতিদের বেতন-ভাতা বাড়ানোসংক্রান্ত বিল ছাড়া অপর পাঁচটি বিলে আপত্তি জানান।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এ সময় সংসদকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া অনুপস্থিত ছিলেন। চলতি অধিবেশনে তিনি মাত্র একদিন সংসদে যোগ দিয়েছেন।সংসদে উপস্থাপনের পর ছয়টি বিলই পৃথকভাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। আগামী সাত দিনের মধ্যে কমিটি বিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেবে। চলতি অধিবেশনেই বিলগুলো পাস হবে বলে জানা গেছে। এই অধিবেশন আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলবে।বিলে দেখা গেছে, নতুন কাঠামোতে রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ টাকা, প্রধানমন্ত্রীর ৫৮ হাজার ৬০০ টাকা, স্পিকারের ৫৭ হাজার ২০০ টাকা, ডেপুটি স্পিকারদের ৫৩ হাজার ১০০ টাকা, প্রধান বিচারপতির ৫৬ হাজার টাকা, মন্ত্রীদের ৫৩ হাজার ১০০ টাকা, প্রতিমন্ত্রীর ৪৭ হাজার ৮০০ টাকা, উপমন্ত্রীর ৪৫ হাজার ১৫০ টাকা, আপিল বিভাগের বিচারপতিদের বেতন ৫৩ হাজার ১০০ টাকা, হাইকোর্টের বিচারপতিদের ৪৭ হাজার টাকা এবং সাংসদদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা হয়েছে।৮ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ছয়টি অধ্যাদেশে সংশোধনী এনে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতনের নতুন কাঠামো অনুমোদন করা হয়।রাষ্ট্রপতির বেতন-ভাতা বাড়ানোর বিল উপস্থাপন করে মতিয়া চৌধুরী বলেন, পরিবর্তিত অর্থনৈতিক অবস্থা এবং জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধির বিল উত্থাপন করে আইনমন্ত্রী বলেন, বিরোধী দল না চাইলে বর্ধিত বেতন নাও নিতে পারেন, তবে বাস্তবতা বিবেচনা করেই এসব বিল আনা হয়েছে। প্রয়োজনে বিরোধী দলের সদস্যরা এ নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা করতে পারেন।বিএনপির জয়নাল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, জাফরুল ইসলাম চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী ও রাশেদা বেগম ছয়টির মধ্যে পাঁচটি বিলের ওপর আপত্তি আনেন, তবে বিচারপতিদের বেতন-ভাতা বাড়ানোর বিলে কেউ আপত্তি তোলেননি। বিরোধী দলের পাঁচটি আপত্তিই পরে কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিলের বিরোধিতা করে রাশেদা বেগম বলেন, ‘এ বিল পাস হলে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করবে। কারণ সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন না হলেও উচ্চ পর্যায়ে বেতন-ভাতা বাড়ানো হচ্ছে। মানুষ আমাদের অভিশাপ দেবে।’এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, বিরোধী দল এবং সরকারি দলের সদস্যদের অনুরোধ এবং চাপের কারণেই অনেক কাঠখড় পুড়িয়ে এ বিল আনা সম্ভব হয়েছে। এখন যদি আবার এর প্রতিবাদে ওয়াকআউট হয়, তাহলে তা হবে দুর্ভাগ্যজনক।তবে গতকাল বিরোধী দল ওয়াকআউট করেনি। বিলগুলো উপস্থাপনের পর আজ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।