রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ
চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের বহু শিক্ষার্থীর প্রাণহানিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আবদুল হামিদ ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি: রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং অবিলম্বে উদ্ধারকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।স্পিকার: স্পিকার শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।বিরোধীদলীয় নেতা: বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর শোকবার্তায় স্কুলছাত্রদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রীদের শোক: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।বিভিন্ন সংগঠনের শোক তদন্ত ও শাস্তি দাবিচট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্র হতাহতের ঘটনায় একাধিক মন্ত্রী, বিভিন্ন দল ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বিভিন্ন সংগঠন এ দুর্ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।ঘটনার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ ঘটনাস্থল মিরসরাইয়ের উদ্দেশে রওনা দেন। তাঁরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, খাদ্যমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এ ঘটনায় শোক প্রকাশ করেন।ঘটনার পর পর দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের টেলিফোনে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।এ ঘটনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তরীকত ফেডারেশন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী সংগঠন নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি এবং বিদ্যমান আইন কার্যকর প্রয়োগ, প্রয়োজনে নতুন আইন তৈরির দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই।একটি তদন্ত কমিশন গঠন করে এ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন ও আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছে তরীকত ফেডারেশন।