রাষ্ট্রপতি আজ আসছেন শৈশবের সেই বিদ্যালয়ে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে আসছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি এই প্রথম নিকলীতে আসছেন।
রাষ্ট্রপতিকে নিকলী গোড়াচাঁদ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে সংবর্ধনা দেওয়া হবে। শৈশবে আবদুল হামিদ এই বিদ্যালয়ে পড়েছিলেন। ১৯৬১ সালে তিনি ওই বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ওই বিদ্যালয় থেকেই তাঁর রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়। ১৯৭০ সালে তিনি নিকলী-ইটনা-তাড়াইল-অষ্টগ্রাম থেকে এমএলএ নির্বাচিত হন। সে সময় তাঁর বাড়ি ছিল নিকলী উপজেলার মিঠামইন ইউনিয়নের কামালপুর গ্রামে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নিকলীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাস্তায় রাস্তায় নির্মাণ করা হয়েছে অর্ধশত তোরণ।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান গতকাল বিকেলে জানান, রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উপজেলা সদরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে তাঁর শৈশবের সেই স্কুল, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ ও শহীদ সঞ্চরণিকা বালিকা উচ্চবিদ্যালয়কে সরকারীকরণের দাবি উঠেছে। আবদুল হামিদ যে সময় নিকলী বিদ্যালয়ে লেখাপড়া করতেন সে সময়ের নয়জন শিক্ষকের মধ্যে জীবিত আছেন মাত্র একজন। এই শিক্ষক হলেন আ. জব্বার । তিনি গর্ব করে বলেন, এ বিদ্যালয়ের ছাত্র আবদুল হামিদ আজ রাষ্ট্রপতি। এর চেয়ে আনন্দ আর কী হতে পারে। বিদ্যালয়টি যেন সরকারি করার ব্যবস্থা নেওয়া হয়।