রাষ্ট্রপতি আজ রাঙামাটি যাচ্ছেন
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সোমবার রাঙামাটি সফরে আসছেন। তিনি সাড়ে তিন ঘণ্টা জেলায় অবস্থানের সময় দর্শনীয় স্থান ঘুরে দেখবেন বলে সেনাবাহিনী ও প্রশাসন সূত্রে জানা গেছে।
এ সফরকে কেন্দ্র করে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি সড়ক সংস্কার ও শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসানের স্বাক্ষরে পাঠানো সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকার তেজগাঁ হেলিপ্যাড থেকে বেলা পৌনে ১১টায় রাঙামাটি জেলার উদ্দেশে যাত্রা করবেন। তিনি দুপুর পৌনে ১২টায় রাঙামাটি বিজিবি সেক্টর হেডকোয়ার্টার ঘাট হেলিপ্যাডে অবতরণ করবেন।
রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন আহমেদ বলেন, ‘এটি রাষ্ট্রপতির ব্যক্তিগত সফর। সফরের ব্যবস্থাপনায় রয়েছে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন। তিনি রাঙামাটি শহর ও আশপাশের দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।’