রাষ্ট্রপতি আসবেন তাই...

দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর সড়কের যান চলাচলব্যবস্থা। প্রায় প্রতিটি সেতুর গোড়ায় খানাখন্দ। সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বন্দরে যাওয়া-আসার পণ্যবোঝাই সব ধরনের যানবাহন।
২১ ডিসেম্বর হঠাৎ কর্মচারীদের নিয়ে সড়কটি সংস্কারে কোমর বেঁধে নেমে পড়লেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্তাব্যক্তিরা। তড়িঘড়ি করে কাজটি শেষ করার চেষ্টা তাঁদের। তিন দিনে প্রায় শেষ করে ফেললেন সংস্কারকাজ। তবে কাজটি করলেন যেনতেনভাবে।
সংস্কারের কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক জানালেন, তাঁরা শুনেছেন রাষ্ট্রপতি ভাটিয়ারীতে আসবেন। বিমানবন্দর থেকে ওই সড়ক দিয়ে যেতে পারেন। তাই তড়িঘড়ি করে কোনোরকম সড়কটি ঠিক করা হচ্ছে।
বিষয়টি স্বীকার করলেন সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, রাষ্ট্রপতির গাড়িবহর নেভাল একাডেমি থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারী মিলিটারি একাডেমি (বিএমএ) যেতে কয়েকটি রুট নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে ওই সড়কটিও রয়েছে। চলাচল নির্বিঘ্ন করতে এ সাময়িক সংস্কার করা হচ্ছে। আগামী মাসের শেষ সপ্তাহ থেকে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা হবে বলে তিনি জানান।
সওজ সূত্রে জানা গেছে, সড়কটি নির্মাণের পর সাত বছরে একবারও স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। আর তা করার জন্য আহ্বান করা দরপত্র খোলা হবে আগামী ৬ জানুয়ারি। কাজ শুরু করার কথা ওই মাসের শেষ সপ্তাহে। এরই মধ্যে সাময়িকভাবে কাজ করল সওজ।
আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রেসিডেন্ট কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন।