রাষ্ট্রপতি উদ্যোগ নিলে সংকটের সমাধান হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, রাষ্ট্রপতি উদ্যোগ নিলে সংকটের সমাধান হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন আয়োজিত জনসভায় চরমোনাই পীর এ আহ্বান জানান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ সমাবেশ করা হয়। একই দাবিতে ১৬ নভেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও ১৩ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
চরমোনাই পীর বলেন, নির্দলীয় সরকারব্যবস্থা না হলে ইসলামী আন্দোলন আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না।
চরমোনাই পীর আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা জনগণের কোনো কথাই আমলে নিচ্ছে না। অন্যদিকে বিরোধী দল তাদের স্বার্থের জন্য হরতাল দিয়ে জ্বালাও-পোড়াও করছে।
সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা কওমি মাদ্রাসার স্বকীয়তা বজায় রেখে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহাসচিব ইউনুছ আহমাদ, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল হুদা ফয়েজী প্রমুখ।