সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সেনাসদস্যদের সহিংস ঘটনা সম্পর্কে সংসদীয় কমিটির কাছে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। তাঁর ভাই সালাউদ্দিন আহমেদ গতকাল বুধবার সংসদ ভবনে সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব নাইমুল আজম খানের কাছে এ বক্তব্য পৌঁছে দেন।তিন পৃষ্ঠার চিঠিতে সাবেক সেনাপ্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ঘটনা তুলে ধরেন। বলেন, ওই সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার নির্দেশনায় সেনাবাহিনী দায়িত্ব পালন করে। চিঠির শুরুতেই মইন উ আহমেদ বলেন, জটিল কিডনি ও হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন। এ জন্য তাঁর পক্ষে এখন দেশে আসা সম্ভব নয়। তাই লিখিতভাবে বক্তব্য পাঠানো হলো।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও সেনাসদস্যের মধ্যে সহিংস ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির সভায় সাবেক সেনাপ্রধানকে ডাকা হয়েছে। ১৮ এপ্রিল অনুষ্ঠেয় এ সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।চিঠি পাওয়ার কথা স্বীকার করে কমিটির প্রধান রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ১৮ এপ্রিলের সভায় এ চিঠি নিয়ে আলোচনা হবে।চিঠিতে মইন উ আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার সময় সাধারণ নাগরিকদের জানমাল, সম্পদ রক্ষা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করেই সেনাবাহিনীকে মাঠে নামতে হয়েছিল। তখন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৈঠক করে এ ব্যাপারে নির্দেশনা দেন। চিঠিতে তিনি আরও বলেন, ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ জরুরি অবস্থা জারি করে সারা দেশে সেনা মোতায়েনের নির্দেশ দেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ দেন। একই বছরের ২৬ জানুয়ারি ইয়াজউদ্দিন আহম্মেদ পরোয়ানা ছাড়াই সেনাবাহিনীকে গ্রেপ্তার করার ক্ষমতা দিয়ে নির্দেশনা জারি করেন।সাবেক সেনাপ্রধান ওই সময়ের পরিস্থিতির বর্ণনা দিয়ে চিঠিতে বলেন, ওই ঘটনায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশন একটি তদন্ত প্রতিবেদনও জমা দেয়। ওই তদন্ত প্রতিবেদনটি সংসদীয় কমিটি আমলে নিতে পারে।