রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী খেলা উপভোগ করেছেন। অন্যদিকে ঘরে বসে টেলিভিশনে খেলা দেখেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি গতকাল দুপুর আড়াইটার দিকে স্টেডিয়ামে পৌঁছান এবং প্রায় দুই ঘণ্টা খেলা দেখেন। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতির সঙ্গে স্টেডিয়ামে ঢোকেন এবং বিকেল পাঁচটা পর্যন্ত খেলা দেখেন। স্টেডিয়ামে খেলা দেখার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তাঁর ছেলে রেদোয়ান সিদ্দিক মুজিব, পুত্রবধূ পেপি সিদ্দিক ও মেয়ে লীলা সিদ্দিক।বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রথমে তাঁর গুলশানের কার্যালয়ে এবং পরে গুলশানে ভাইয়ের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে টেলিভিশনে খেলা দেখেন। বিরোধীদলীয় নেতার ঘনিষ্ঠ সূত্র এ কথা জানায়।