রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সিরিজ জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবির।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গতকাল রোববার পৃথক বার্তায় ওই অভিনন্দন জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের এ জয়ের জন্য অভিনন্দন জানান। জাতীয় ক্রিকেট দলের এ জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বার্তায় আশা প্রকাশ করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও বিসিবি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ব ক্রিকেট জগতে বাংলাদেশ এখন একটি মর্যাদাপূর্ণ অবস্থান করে নিয়েছে। বার্তায় তিনি দাবি করেন, ক্রিকেটের উন্নয়নে এ সরকারের সর্বোচ্চ আন্তরিকতা ও খেলোয়াড়দের জন্য আন্তরিক প্রচেষ্টাতেই এ অর্জন সম্ভব হয়েছে।