রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের প্রয়োজন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার প্রয়োজন নেই। বরং নির্বাচন কমিশনকে কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয়ে নাগরিক সমাজ জোর দিতে পারে।
গতকাল রোববার বিবিসি বাংলাদেশ সংলাপ-এ এসব কথা বলা হয়। বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা বিভাগ যৌথভাবে রাজধানীর টিসিবি মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আকবর হোসেন।
সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার দরকার নেই। রাষ্ট্রপতিকে বেশি ক্ষমতা দেওয়া হলে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করতে শুরু করবেন। এতে দ্বৈত শাসনের পরিবেশ তৈরি হবে। প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করবে সংসদ ও মন্ত্রিসভা। তা ছাড়া এ বিষয়ে আমরা পাকিস্তান থেকে যে অভিজ্ঞতা পাই, তা মোটেও ভালো নয়। সেখানে রাষ্ট্রপতি বারবার সরকার ভেঙে দিয়েছেন। সেটা গণতন্ত্রের জন্য মোটেই ভালো নয়। বরং বিরোধী দলকে সঙ্গে নিয়ে কীভাবে নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করা যায়।’
রওনক জাহানকে সমর্থন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচনের জন্য সর্বদলীয় সরকার হতে পারে। তবে সে বিষয়ে নাগরিক সমাজ নয়, দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে।
প্রশ্নপর্বে এক দর্শক বলেন, রাষ্ট্রপতিকে বেশি ক্ষমতা দেওয়া হলে সামরিক বাহিনীর হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। এ বিষয়ে সুশীল সমাজের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। অতীতে তারা জাতির সঙ্গে শঠতা করেছে। আরেকজন দর্শক বলেন, রাষ্ট্রপতি নয়, বরং নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ালে সব ধরনের রাজনৈতিক সংকট কেটে যাবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সংসদ থেকে ৫০ জন নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন হলে লাভ হবে না। বরং নাগরিক সমাজ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার যে প্রস্তাব দিয়েছে, দেশের মানুষ এখন তা-ই চায়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা সংবিধানে আছে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর দরকার নেই। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যেতে পারে।
১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে আনিসুল হক, রওনক জাহান ও মনজুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিষয়টি নিছক সামরিক অভ্যুত্থান ছিল না। এর পেছনে দেশের ভেতরের ও বাইরের রাজনৈতিক শক্তি জড়িত ছিল। সংবিধানে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বিগ্ন ছিল। একাত্তরের পরাজিত শক্তি খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের কাঁধে ভর করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ সময় এক দর্শক বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। এ প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমান বলেন, আওয়ামী লীগের ভেতরের শক্তিই ১৫ আগস্ট তৈরি করেছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছিল কিছু বিপথগামী সামরিক কর্মকর্তা। সেই সময় জাসদ বিরোধিতা না করলে ১৫ আগস্টের সৃষ্টি হতো না। পার্বত্য চুক্তি-সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, ১৯৯৭ সালে আওয়ামী লীগ যখন চুক্তি করে, তখন পাহাড়ের সমস্যা গভীরভাবে পর্যবেক্ষণ করেনি। যে কারণে পাহাড় এখনো অস্থির। এ সমস্যা শিগগিরই যাবে না।
একই বিষয়ে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ চুক্তি করলেও বিএনপি ক্ষমতায় আসার পর এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। যে কারণে চুক্তি বাস্তবায়নের কাজ পিছিয়ে যায়। রওনক জাহান বলেন, চুক্তির বাস্তবায়ন ধীরগতিতে হয়েছে। পাহাড়িদের যতটা স্বায়ত্তশাসন ও ক্ষমতা দেওয়ার দরকার ছিল, তা দেওয়া হয়নি। ভূমি জটিলতার সুরাহা হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা হাত তুলে বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭ শতাংশ হারে কর আরোপের বিষয়টিকে সমর্থনযোগ্য নয় বলে মত দেন। তাঁদের সঙ্গে একমত পোষণ করেন রওনক জাহান, মনজুরুল ইসলাম ও আবদুল্লাহ আল নোমান।