রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন l ছবি: পিআইডি
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন l ছবি: পিআইডি

৪৫তম বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাঁরা এ শ্রদ্ধা জানান।
স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় রাষ্ট্রপতি জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার তাঁকে অভ্যর্থনা জানান। সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে আ ক ম মোজাম্মেল হক ও তিন বাহিনীর প্রধানেরা তাঁকে অভ্যর্থনা জানান।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা: প্রধানমন্ত্রী সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে নিজ দলীয় জ্যেষ্ঠ নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্মারক ডাকটিকিট অবমুক্ত: প্রধানমন্ত্রী বিজয় দিবস উপলক্ষে পাঁচটি স্মারক ডাকটিকিট, দুটি উদ্বোধনী খাম, দুটি ডাটা কার্ড ও একটি স্যুভেনির অবমুক্ত করেন। সকালে গণভবনে বাংলাদেশ ডাক বিভাগের এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও স্যুভেনির অবমুক্ত করেন তিনি।
রাষ্ট্রপতির সংবর্ধনা: রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম বিজয় দিবস উপলক্ষে গতকাল বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন। রাষ্ট্রপতি ভবনের লনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধানমন্ত্রীও অংশ নেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সংবর্ধনায় যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারত, নেপাল ও মালদ্বীপের ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরাও অংশ নেন। বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেক কাটেন। আবদুল হামিদ ও শেখ হাসিনা একসঙ্গে অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।