রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন নতুন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন নতুন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক l ছবি: পিআইডি

নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, নতুন সেনাপ্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেনারেল মোহাম্মদ শফিউল হক বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আরও এগিয়ে যাবে। রাষ্ট্রপতি সেনাকল্যাণ সংস্থার অধীনে থাকা সব প্রতিষ্ঠানকে লাভজনকভাবে পরিচালনার পদক্ষেপ নিতে সেনাপ্রধানকে পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, নতুন সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তাঁর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে। এ সময় তিনি দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সহায়তা চান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধানের সাফল্য কামনা করে দায়িত্ব পালনে তাঁকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ: নবনিযুক্ত সেনাপ্রধান গতকাল ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।