রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চায় ইসি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।
বিদায়ের আগে ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুবিধাজনক যেকোনো সময়ে সাক্ষাৎ চেয়ে ইতিমধ্যে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।
তবে এখনো বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাক্ষাতের সময় জানানো হয়নি বলে আজ বুধবার বাসসকে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, বিদায়ের আগে বর্তমান কমিশনের এটা হবে সৌজন্য সাক্ষাৎ। সময়সূচি চূড়ান্ত হলে সিইসি ও নির্বাচন কমিশনাররা সাক্ষাতে যাবেন।
সচিব বলেন, বর্তমান কমিশনের সব সদস্যের মেয়াদ ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ হচ্ছে। বিদায়ের আগে নিজেদের মেয়াদে কমিশনের কার্যক্রম ও সার্বিক অগ্রগতি তুলে ধরতে সাক্ষাতের এ অভিপ্রায়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশন সাক্ষাতের সময় নিজেদের গত পাঁচ বছরের কর্মকাণ্ডের অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি নতুন কমিশনের জন্য নিজেদের যদি কোনো সুপারিশ থাকে তা নিয়েও আলোচনা করতে পারেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বর্তমান পাঁচ সদস্যের কমিশনকে সাংবিধানিকভাবে নিয়োগ দিয়েছিলেন। সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী ৮ ফেব্রুয়ারি এবং নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবেন।
এদিকে আইনি বাধা কেটে যাওয়ায় গতকাল মঙ্গলবার টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কমিশনের অধীনে এটিই হবে শেষ নির্বাচন। ৩১ জানুয়ারি এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।