রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ নেতাদের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক দুই শোকবার্তায় গতকাল এই ঘটনার তীব্র নিন্দাও জানান তাঁরা। খবর বাসসের।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তিনি নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে গতকাল পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণের সঙ্গে আমি এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সংহতি জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী এবং সভ্য সমাজে তাদের কোনো স্থান নেই।
হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও শোক জানান।
হামলায় শোক ও নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ হামলার নিন্দা জানিয়েছেন। গতকাল শনিবার বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।