কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় ‘বিজ্ঞান ও প্রযুক্তিসংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আজ শনিবার দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
১০ থেকে ১১ সেপ্টেম্বর এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন গতকাল শুক্রবার জানান, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ বিকেলে আস্তানার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আস্তানা নূর সুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানাবেন।
সফরকালে রাষ্ট্রপতি সম্মেলনের পাশাপাশি কাজাখস্তান ও সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রপতি হামিদ ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।