রাষ্ট্রপতি খুনিদের প্রশ্রয় দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান একের পর এক খুনিদের সাজা মওকুফ করে তাদের প্রশ্রয় দিচ্ছেন। দেশের জন্য এটি খারাপ পরিণতি বয়ে আনবে।প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সদ্য কারামুক্ত নূরে আরা সাফাসহ অন্য নেত্রীদের নিয়ে মির্জা ফখরুল জিয়ার কবরে ফুল দেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একজন রাষ্ট্রপতি কখনো কোনো বিশেষ দল বা গোষ্ঠীর অনুগত হতে পারেন না। কিন্তু দেশের মানুষ অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছে যে বর্তমান রাষ্ট্রপতি দলীয় বিবেচনায় একের পর এক খুনের মামলার আসামিকে ক্ষমা করে দিচ্ছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এর আগেও রাষ্ট্রপতি নাটোরের বহুল আলোচিত গামা হত্যা মামলার ফাঁসির আসামিদের দণ্ড মওকুফ করেছেন। দলীয় বিবেচনায় আওয়ামী লীগের নেতা ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলের সাজাও মওকুফ করা হয়েছে। এবার দণ্ড মওকুফ করা হয়েছে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির। এই আসামি আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবু তাহেরের ছেলে। এতে প্রমাণিত হয়েছে যে রাষ্ট্রপতি খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।বিএনপির এই নেতা বলেন, এ ধরনের ক্ষমা আইনের শাসনকে বাধাগ্রস্ত করবে। দলের লোকজন বিচারালয় থেকে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতাবলে যদি ক্ষমা পেয়ে যান, তাহলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। এটি দেশ ও জাতির জন্য শুভ লক্ষণ নয়।যুবদলের সমাবেশ: বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর মুক্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল।