রাষ্ট্রপতি ছয় দিনের সফরে ভিয়েতনাম যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ ছয় দিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার ভিয়েতনাম যাচ্ছেন। ভিয়েতনাম যাওয়ার পথে তিনি থাইল্যান্ডে যাত্রাবিরতি করবেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুয়ং তাং সাংয়ের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন আবদুল হামিদ। রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী রাশিদা খানমকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বেলা ১১টা ৪৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
সফরকালে রাষ্ট্রপতি ১০ আগস্ট সোমবার সকালে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বলে মনে করা যাচ্ছে। ভিয়েতনামের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। একই দিনে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তাং ডাংয়ের সঙ্গেও রাষ্ট্রপতির বৈঠক হবে।
রাষ্ট্রপতি এ দিনে সে দেশের জাতীয় পরিষদ পরিদর্শন করবেন এবং জাতীয় পরিষদের চেয়ারম্যানের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কর্মসূচিও রয়েছে।
সফরকালে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, ভিয়েতনামের হো চি মিন নগরের পিপলস কমিটির চেয়ারম্যান রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। হো চি মিন নগরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৩ আগস্ট রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।