রাষ্ট্রপতি দেশে ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার পর লন্ডন থেকে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট গতকাল বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, মন্ত্রিপরিষদ সচিব এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ২৯ ফেব্রুয়ারি লন্ডন গিয়েছিলেন।