নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির নেই। রাষ্ট্রপতির পদটিকে বিতর্কিত করতেই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে দিয়ে সংলাপের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। মির্জা আলমগীর বলেন, ‘সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কাজ হলো প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া। কিন্তু নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতিকে কেন জড়ানো হচ্ছে, বুঝতে পারছি না।’রাষ্ট্রপতি সম্পর্কে মির্জা ফখরুল অশালীন বক্তব্য দিয়েছেন—আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফের এ বক্তব্যের জবাবে মির্জা আলমগীর বলেন, ‘শালীনতা হানিফের কাছ থেকে শিখতে হবে বলে মনে করি না। বিরোধীদলীয় নেত্রী সম্পর্কে হানিফ যে ভাষায় কথা বলেছেন তা শালীন না অশালীন।’ তিনি বলেন, ‘গত ১৮ তারিখের ঘটনাকে তোফায়েল আহমেদ দেশব্যাপী বোমা হামলার সঙ্গে মেলাতে চাইছেন। তাঁকে বলতে চাই, দেশব্যাপী বোমা হামলাকারীদের বিএনপি আমলেই গ্রেপ্তার ও সাজার ব্যবস্থা করা হয়েছিল।’ তিনি বলেন, ‘আসলে আওয়ামী লীগ নেতারা ধাপ্পাবাজি করতে পারদর্শী। এখন আবার তাঁরা ধাপ্পাবাজির সঙ্গে চাপাবাজি যোগ করেছেন।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি আন্দোলন করছে না, দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে। তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ছে। কিন্তু দুর্ভাগ্য, তরুণেরা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না।আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের আহমেদ আযম খান, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপিকা জিন্নাতুন নেসা তাহমিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক বিদ্যুৎসচিব প্রকৌশলী আ ন হ আখতার হোসেন।