রাষ্ট্রপতি পরিবারের মর্যাদার লড়াই?
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য আবদুস শাহীদ ভূইয়া। তৃণমূলের মতামত উপেক্ষা করে রাষ্ট্রপতি আবদুল হামিদের পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবদুস শাহীদ ভূইয়াকে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দলে অসন্তোষ রয়েছে। তাই এখানে নির্বাচন রাষ্ট্রপতির পরিবারের মর্যাদার লড়াইয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে বিএনপিতে কোনো বিভক্তি নেই। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।
দলীয় ও এলাকাবাসী সূত্র জানান, বিগত সব কটি উপজেলা নির্বাচনে মিঠামইনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া মিঠামইনে রাষ্ট্রপতির বাড়ি। তাই এখানে আওয়ামী লীগ আগের অবস্থান ধরে রাখতে চাইছে। শাহীদ ভূইয়ার পক্ষে খোদ রাষ্ট্রপতির ছেলে স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ কাজ করছেন।
অন্যদিকে জাহিদুরের পক্ষে সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান দিন-রাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তৃণমূলের মতামত উপেক্ষা করে নীতিনির্ধারণী কমিটি শাহীদ ভূইয়াকে দলীয় প্রার্থী করায় সাধারণ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে চান বিএনপির নেতারা। সাংসদ রেজওয়ান আহমেদ বলেন, ‘তৃণমূলের মতামত বড় কথা নয়। উপযুক্ত প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে।’
জাহিদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ মর্যাদার কথা ভাবছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে রাষ্ট্রপতি পরিবারের প্রার্থীর পরাজয় সুনিশ্চিত।’
তবে শাহীদ ভূইয়া বলেন, ‘আমার বিশ্বাস, নির্বাচনে আমিই জয়ী হব।’