রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পদ বেশি দিন খালি রাখবেন না

রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পদটি বেশি দিন খালি রাখবেন না বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ারে। তিনি যখন নিয়োগ দেবেন, তখনই প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হবেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের প্রশিক্ষণ কোর্সের একটি অধিবেশনে বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার আগে অন্যান্য বিচারপতি নিয়োগ দেওয়া যাবে কি না, এমন প্রশ্নের আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা আছে, অস্থায়ী প্রধান বিচারপতি প্রধান বিচারপতির অনুরূপ মতো দায়িত্ব পালন করতে পারবেন। অনুরূপ মানে হচ্ছে প্রধান বিচারপতি যা যা করতে পারতেন, তিনি (অস্থায়ী প্রধান বিচারপতি) সেটাই করবেন।
আইনমন্ত্রী বলেন, একটু পেছনে তাকালে দেখা যাবে, ১৯৯০ সালের ডিসেম্বরে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন। পরে তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন। তখন একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (অ্যাক্টিং) ছিলেন। তিনি নিয়োগও দিয়েছেন। শপথও পড়িয়েছেন। এটা যে নজির নেই তা না। নজির আছে। অনুরূপ কথার ওপরে জোর দিতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, যিনি এখন অস্থায়ী প্রধান বিচারপতি, তিনি কিন্তু একটা শপথ নিয়েছেন, আপিল বিভাগের বিচারপতি হিসেবে। অনুরূপ মানে হচ্ছে, প্রধান বিচারপতির সব ক্ষমতা তিনি পালন করতে পারবেন। সেখানে কিন্তু কোনো বিভাজন করে দেওয়া হয়নি।
প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করছেন, তিনি শপথ পড়াতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার দরকার নেই। সবকিছু দেখা হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির খসড়া সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে, সুপ্রিম কোর্ট তা দেখছে। এটি সুপ্রিম কোর্ট থেকে আসামাত্রই রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে।
ষোড়শ সংশোধনীর পর্যালোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, রিভিউ পিটিশন শোনার জন্য আইনে যা যা নিয়ম আছে, তার সব কটি পালন করা হবে। রিভিউ পিটিশন কবে নাগাদ দাখিল করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানেন।