রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভিআইপি নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চলাচল বা নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হলেন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)। আর বিদেশি কোনো অতিথিকে এ মর্যাদা দেওয়া হবে। এর বাইরে তাদের কাছে ভিআইপি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে কেউ নেই বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, বিদেশি কোনো ক্রিকেট দল বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ সফরে এলে নির্দেশনার ভিত্তিতে তাঁদের চলাচলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
কে অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি বলে বিবেচিত হবেন, তা নির্ধারণ করে সরকার। তাঁদের নিরাপত্তার বিষয়টি দেখে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। আর ওই বাহিনীর নির্দেশনা অনুযায়ী ভিভিআইপি ব্যক্তিদের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করে ট্রাফিক বিভাগ। সে ক্ষেত্রে ভিভিআইপিদের যাতায়াতের নির্দিষ্ট সড়কটির এক পাশ ফাঁকা করে দেওয়া হয়। সেখানে সাধারণ যান চলাচল বন্ধ করা হয়। ১৫ মিনিট আগে এ সম্পর্কিত তথ্য এসএসএফকে অবগত করে ট্রাফিক বিভাগ।
তবে রাজপথের দৃশ্য সম্পূর্ণ আলাদা। সাইরেন-হর্ন বাজিয়ে সাধারণ যানবাহন থামিয়ে মন্ত্রী বা উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের বহনকারী গাড়িগুলো হরহামেশা রাজপথ দাপিয়ে বেড়ায়। তাদের সামনে-পেছনে নিরাপত্তার দায়িত্বে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক গাড়ি। ভিআইপির গাড়ি বললেই পথ ছেড়ে দেন দায়িত্বরত ট্রাফিক সদস্যরা।
এ বিষয়ে মুনতাসিরুল ইসলাম বলেন, ‘মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের বহনকারী গাড়িগুলো চলাচলের সময় কেবল পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘কখনো কখনো আমরা তাঁদের (মন্ত্রী) আটকে রাখি। বেশির ভাগ সময় তাঁরা উল্টো পথেও যান। এ ক্ষেত্রে অনুরোধ এলে হয়তো অনেক সময় একটু সিগন্যাল বেশি ছাড়া হয়।’
ঢাকা ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ট্রাফিকের কাছে ভিআইপি বলে কিছু নেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাইরে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়।