রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-সিইসির 'ভোট নেই'
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। কারণ, তাঁদের এলাকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।
রাষ্ট্রপতি তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। সেই আসনে তাঁর ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক নির্বাচিত হয়েছেন কোনো রকম ভোটের লড়াই ছাড়াই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি এলাকার ভোটার। তিনি ঢাকা-১০ আসনের ভোট দেন। ২০০৮-এর নির্বাচনে তিনি সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছিলেন। এবার তিনি ভোট দিতে পারবেন না। সেই আসনে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ ঢাকা-১১ নির্বাচনী এলাকার বাসিন্দা। সেই আসনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ কে এম রহমতুল্লাহ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা সেনানিবাস এলাকার এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গুলশানের ভোটার। নির্বাচন বর্জন করায় খালেদা জিয়া ভোট দেবেন না। তবে এরশাদের মতিগতি এখনো জানা যায়নি।