গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ব্যক্তি ও সংগঠন।
এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। যাঁদের অঙ্গহানি ঘটেছে, তাঁদেরও দুই লাখ টাকা করে দেওয়া হবে। প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার খরচ সরকার বহন করবে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এই সহায়তা করা হবে।
গতকাল সকালে টঙ্গীতে একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত ও ৫০ জন আহত হন।
বাসস জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ এ ঘটনায় শোক প্রকাশ করে নিহত শ্রমিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি এ দুর্ঘটনায় আহত শ্রমিকদের আশু আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহত শ্রমিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত শ্রমিকদের সুচিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও শোক ও দুঃখ প্রকাশ করেন বলে গণমাধ্যমে পাঠানো বিএনপির এক বার্তায় বলা হয়। তিনি আহত ব্যক্তিদের সুস্থতা কামনা এবং তাঁদের সুচিকিৎসা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি ওই কারখানার মালিক মকবুল হোসেনের প্রতিও সমবেদনা জানান বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়। উল্লেখ্য, সাবেক সাংসদ মকবুল হোসেনের বাড়ি শিক্ষামন্ত্রীর এলাকায়।
আরও শোক প্রকাশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ।